জ্ঞানের পিরামিড: তথ্যের জঞ্জাল পেরিয়ে সত্যের সন্ধানে

আজকের তরুণ প্রজন্ম একটা খুব সূক্ষ কিন্তু গভীর সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। তা হচ্ছে চারপাশে ছড়িয়ে থাকা তথ্য, আসলে বলতে গেলে অতিরিক্ত তথ্য।  তারা তথ্যের অভাবে ভুগছে না, বরং অতিরিক্ত তথ্যের মাঝেও দিশাহীনতায় ভুগছে।

দিনভর ইনস্টা, টুইটার, ইউটিউব, শর্ট ভিডিও, পডকাস্ট।
নতুন আইডিয়া, নতুন মতামত, নতুন “লাইফ হ্যাক”—সব কিছুই মাথায় ঢুকছে।

কিন্তু যখন—

  • নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে হয়,

  • সম্পর্ক নিয়ে সোজা-উল্টা ভাবতে হয়,

  • জীবনের আসল উদ্দেশ্য নিয়ে একা বসে ভাবতে হয়,

তখন হঠাৎ একটা অদ্ভুত অসহায়তা ধরা পড়ে।

অনেক তথ্য আছে, কিন্তু কোনটাকে ধরব, চালকের আসনে বসাব—এটা ঠিক করতে পারি না। সেই জায়গাটায় এসে মনে হয়, ভিতটা নড়বড়ে। কারণ:

  • আমরা সব কথাকেই কোনো না কোনোভাবে “মনে ধরছে” বলে রেখে দিই।

  • কে স্রেফ মতামত দিচ্ছে আর কে সত্য দাবি করছে—এটা আলাদা করি না।

  • কোন জিনিসের ওপর জীবন দাঁড় করানো যায়, আর কোনটা শুধু আলোচনায় রাখার মতো—এটার মধ্যে পরিষ্কার পার্থক্য করি না।

তরুণদের মানসিক ক্লান্তি, সিদ্ধান্তহীনতা, আর ক্রমাগত উদ্বেগের বড় একটা কারণ এটাই। তথ্য আছে প্রচুর, কিন্তু জ্ঞান বাছাই করার মানদণ্ড নেই

ফলে সবকিছু একসাথে মাথায় ঘুরে, কিছুতেই স্থির হওয়া যায় না, আর নিজের জীবনের অর্থ নিয়ে ভাবতে গেলে ভিত কেমন যেন ফাঁকা লাগে।

 

এখন প্রশ্নটা সোজা হয়ে যায়:

যখন মাথায় এত ধরনের কথা একসাথে ঘুরছে, তখন আমরা কিসের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেব?

ইসলাম এখানে প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে: সব জ্ঞান এক লেভেলের নয়।

মানে—

  • যা চোখে দেখা যায়,

  • যা মগজে বিশ্লেষণ করা যায়,

  • আর যা আল্লাহ সরাসরি জানান—এগুলো এক জায়গায় বসে না।

ইসলাম এই তিনটাকে আলাদা আলাদা জায়গায় বসিয়ে একটা পরিষ্কার কাঠামো দেয়:

১. ইন্দ্রিয় দিয়ে আসা তথ্য – আমরা যা দেখি, শুনি, অনুভব করি।
২. বুদ্ধি দিয়ে আসা বুঝ – আমরা যা নিয়ে ভাবি, যুক্তি করি, বিশ্লেষণ করি।
৩. ওহী দিয়ে আসা সত্য – আল্লাহ যে খবর দেন, যে মানদণ্ড দেন।

এই তিনটাকে একটা সোজা ছবিতে বুঝানো যায়— পিরামিড

  • নিচের স্তরে ইন্দ্রিয় – কাঁচা তথ্য।

  • মাঝের স্তরে বুদ্ধি – তথ্যের বিশ্লেষণ, প্রজ্ঞা।

  • একদম উপরে ওহী – চূড়ান্ত মানদণ্ড, দিশা।

সমস্যাটা হলো, আমরা আজ বাস্তবে উলটোটা করছি।

  • চোখে যা দেখি, সেটাকে ফাইনাল বলে ধরে নিচ্ছি।

  • মগজে যা ভালো লাগে, সেটাকে সত্য বলে মানছি।

  • আর ওহীকে অনেক সময় শুধু ‘ধর্মীয় রিচুয়াল’ বা ‘ব্যক্তিগত বিশ্বাস’ হিসেবে রেখে দিচ্ছি।

এই উলটাপালটাই আমাদের দিশাহীনতার মূল কারণ।

 

ইসলাম কী বলে?

কুরআন শুরুতেই আমাদের একটা শক্ত নোঙর দেয়:

"এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই; এটি মুত্তাকীদের জন্য পথপ্রদর্শক।"

অর্থাৎ,
তুমি তথ্য নিয়ে কাজ করো,
বুদ্ধি দিয়ে ভাবো,
কিন্তু যখন ফাইনাল সিদ্ধান্ত নেবে—
সেটাকে দাঁড় করাও এমন কিছুর ওপর,
যার সত্যতা আল্লাহ নিজে নিশ্চিত করেছেন।

আরেক জায়গায় কুরআন সরাসরি বলে:

"নিশ্চয়ই সত্যের বিপরীতে অনুমান কোনো কাজেই আসে না।"

আমরা আজ অনেক সময় অনুমান, ফিলিং, আর অন্যের মতামতকে সত্যের জায়গায় বসিয়ে দিচ্ছি।
ইসলাম এখানে এসে বলে— এভাবে চললে আংশিক তথ্য, অসম্পূর্ণ বিশ্লেষণ আর ব্যক্তিগত অনুভূতির ওপর পুরো জীবন দাঁড় করাতে হবে। সেটা কখনোই স্থির ভিত্তি হবে না।

ওহী হলো সেই খোদায়ী গাইডবুক। এটি আমাদের ‘গাইব’ বা অদৃশ্যের জগত সম্পর্কে এমন তথ্য দেয়, যা আমরা ল্যাবরেটরিতে কয়েকশ বছর গবেষণা করেও বের করতে পারতাম না। এটিই হলো পরম সত্য বা আল-ইয়াকীন

এখানে ‘লা রাইবা ফীহ’ বা ‘যাতে কোনো সন্দেহ নেই’ শব্দবন্ধটি একটি বিশাল দাবি। এটি আমাদের জ্ঞানকে এমন একটি শক্ত নোঙর দেয়, যার ওপর ভিত্তি করে পুরো জীবনের দর্শন দাড় করানো যায়। ওহী যদি না থাকত, তবে মানুষ তার অস্তিত্বের মানে খুঁজতে গিয়ে কেবল অনুমান বা Speculation -এর পেছনে দৌড়াত।তারা কখনোই সঠিক সিদ্ধান্তে পৌছাতে পারত না।  আর আল্লাহ বলছেন,

নিশ্চয়ই সত্যের বিপরীতে অনুমান কোনো কাজেই আসে না।

রাসুলুল্লাহ (সা.) তাঁর বিদায় হজের ঐতিহাসিক ভাষণে এই পরম উৎসের গুরুত্ব পরিষ্কার করে দিয়ে গেছেন। তিনি বলেছেন:

"আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যা শক্ত করে আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব ও তাঁর রাসুলের সুন্নাহ।"

এটা শুধু কোনো স্লোগান না, বরং একটা খুব বাস্তব লাইফ ফ্রেমওয়ার্ক:

  • নতুন কোনো আইডিয়া শুনলাম → আগে দেখি এটা ওহীর সঙ্গে যায় কি না।

  • কোনো লাইফস্টাইল দেখে ভালো লাগল → আগে দেখি এর ভিত্তি কী, শেষ পরিণাম কী।

  • কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে → দেখি, আল্লাহ ও তাঁর রাসুল (সা.) ওই ধরণের পরিস্থিতি নিয়ে কী নির্দেশ দিয়েছেন।

এখানে বুদ্ধি বাদ যাচ্ছে না,
বিজ্ঞান বাদ যাচ্ছে না,
শুধু তাদের ওপর একটা পরিষ্কার ছাতা বসানো হচ্ছে—ওহী।

 

আল্লাহ তাআলা মানুষকে বারবার তার বিচারবুদ্ধি ব্যবহারের তাগিদ দিয়েছেন। বারংবার এই মহাবিশ্বের সৃষ্টিকুল নিয়ে গভীরভাবে চিন্তা করার আহ্বান জানিয়েছেন।  এটি ইসলামের একটি অনন্য বৈশিষ্ট্য যে, এটি শুধু অন্ধ বিশ্বাস নয়, বরং বুদ্ধিবৃত্তিক ঈমানের দাবি করে। আল্লাহ বলছেন:

পাশ্চাত্যের ভুল এবং ওলটপালট পিরামিড: এক বুদ্ধিবৃত্তিক ট্র্যাজেডি

পাশ্চাত্য দর্শনের আসল বিচ্যুতি শুরু হয়েছিল রেনেসাঁ এবং এনলাইটেনমেন্ট পিরিয়ডের পরে। রনে দেকার্ত, ডেভিড হিউম কিংবা ইমানুয়েল কান্টের মতো দার্শনিকরা মানুষকে এবং মানুষের ক্ষমতাকে ‘মহাবিশ্বের কেন্দ্র’ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করলেন। তারা ওহীকে জ্ঞানের জগত থেকে অপাংক্তেয় করে দিলেন। তাদের ধারণা ছিল, মানুষের বুদ্ধিই বুঝি সবকিছুর চূড়ান্ত মানদণ্ড। সেই থেকে শুরু। 

সময়ের বিবর্তনে তারা বুদ্ধির ওপর থেকেও আস্থা হারালেন এবং কেবল ‘যা চোখে দেখা যায়’ বা কেবল পরীক্ষা-নিরীক্ষাযোগ্য বিজ্ঞানকে (Positivism) একমাত্র সত্য হিসেবে গ্রহণ করলেন। তারা জ্ঞানের সেই পবিত্র পিরামিডটাকে পুরো উল্টে দিলেন।

এই ইনভার্সন বা উল্টে দেওয়ার ফলে কী হলো?

  • নৈতিক দেউলিয়াত্ব: আমরা এখন জানি কীভাবে বিশাল মারণাস্ত্র বানাতে হয়, কিন্তু কেন আমরা একে অপরকে মারব না—সেই নৈতিক কারণটি আমাদের কাছে নেই। কারণ নৈতিকতা ওহী ছাড়া প্রতিষ্ঠা পায় না।

  • বস্তুবাদী দাসত্ব: মানুষ এখন কেবল শরীরের প্রয়োজন মেটাতে ব্যস্ত, কারণ তারা মনে করে তাদের ইন্দ্রিয়ই সব। আত্মার খোরাক তারা হারিয়ে ফেলেছে।

  • তথ্যের জঞ্জাল: আমাদের কাছে কোটি কোটি গিগাবাইট ডেটা আছে, কিন্তু আত্মিক শান্তি বা জীবনের সার্থকতা নেই।

যখন আপনি বাড়ির ভিত্তি বা নিচ তলাকে ছাদ মনে করবেন, তখন সেই বাড়িটি ভেঙে পড়া কেবল সময়ের ব্যাপার। আধুনিক পশ্চিমা সমাজ আজ সেই বুদ্ধিবৃত্তিক ভাঙনের ভেতর দিয়েই যাচ্ছে।

উপসংহার: হারানো ভারসাম্য ফিরিয়ে আনার আহ্বান

আমাদের এই দীর্ঘ আলোচনার মূল উদ্দেশ্য কেবল তাত্ত্বিক কচকচানি নয়। বরং আমাদের চিন্তার জগতকে আবার ইসলামি ছাঁচে সাজানো। আমরা যদি ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সত্যিকারের শান্তি ও মুক্তি চাই, তবে জ্ঞানের এই পিরামিডকে আবার তার সঠিক জায়গায় স্থাপন করতে হবে।

আমাদের আধুনিক বিজ্ঞান শিখতে হবে এবং তাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, কারণ এটি আল্লাহর সৃষ্টিজগতকে বোঝার অন্যতম পথ। আমাদের বুদ্ধিকে শাণিত ও যুক্তিবাদী করতে হবে, কারণ এটি সত্য ও মিথ্যার পার্থক্য করতে আমাদের সাহায্য করে। কিন্তু এই সবকিছুর উপরে ছাতা হিসেবে রাখতে হবে ওহীর সেই পরম নূর বা আলোকে।

আমরা যখন আবার ওহীর শাসনে আমাদের বুদ্ধিকে পরিচালনা করব এবং বিজ্ঞানের সুফলগুলোকে মানবতার কল্যাণে ব্যয় করব, তখনই আমরা ‘খিলাফত’-এর আসল দায়িত্ব পালন করতে পারব। তখনই আমাদের জীবন হবে সার্থক এবং আমাদের চিন্তা হবে বিভ্রান্তিমুক্ত।

আপনার প্রাত্যহিক চিন্তাভাবনা কি এই হায়ারার্কি মেনে চলছে? আপনি কি কেবল যা দেখছেন তাতেই বিশ্বাস করছেন, নাকি দেখার আড়ালে যে মহাসত্য আছে তাকেও অনুভব করছেন? এই প্রশ্নটিই আজ আমাদের সবার বিবেকের কাছে।

Share the Post:

Related Posts

মুহাম্মদ বিন কাসিম: এক তরুণ সেনানায়কের সিন্ধু অভিযানের গল্প

উপমহাদেশে ইসলামের ইতিহাস বলতে গেলেই আমরা চট করে আমাদের মাথায় আসে দিল্লি সালতানাত, মোগল, বাবর–আকবরের কাহিনী। কিন্তু মজার ব্যাপার হলো এই বিশাল গল্পের প্রথম পাতা তো সেখানে নয়। প্রথম পাতার নায়ক এক কিশোর–যুবক আরব সেনানায়ক—মুহাম্মদ বিন কাসিম। তার জীবন কিন্তু

Read More

রোগীর মানসিক স্বাস্থ্য ও যত্ন: কেন উপদেশ নয়, ‘পাশে থাকা’ই আসল চিকিৎসা?

অসুখ জিনিসটা বড় খতরনাক। এ যেন দুনিয়ার মাঝেই আস্ত এক ভিনদেশি মুল্লুক। ভিসা-পাসপোর্ট লাগে না বটে, কিন্তু একবার সে দেশ থেকে ডাক এলে যমের অরুচিও সুড়সুড় করে সেখানে হাজিরা দিতে বাধ্য। হাসপাতালের বারান্দায় গিয়ে দাঁড়ালে এই মুল্লুকের হালহকিকত বেশ মালুম

Read More