আমরা এক অদ্ভুত অথচ বিভ্রান্তিকর সময়ে বাস করছি। আমাদের চারপাশটা বিভিন্ন রকম তথ্যের বন্যায় ভাসছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে বালিশে মাথা দেওয়া পর্যন্ত আমরা কেবল শুধু ডেটা বা তথ্য গ্রাস করছি। আমরা মনে করি, তথ্যের এই বিশাল ভান্ডার আমরা যত কাঁধে তুলে নিচ্ছি, আমরা যত বেশি তথ্য জানছি, আমরা ততই বেশি জ্ঞানী হচ্ছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সত্যিটা আসলে ঠিক উলটো, তথ্যের এই পাহাড়ের নিচে চাপা পড়ে আমরা আমাদের মৌলিক প্রজ্ঞা বা ‘হিকমাহ’ হারিয়ে ফেলছি।
একটু নিভৃতে বসে ভাবুন তো! মনে হয় না যে, আমরা আসলে তথ্যের সাগরে ডুবে থাকলেও জ্ঞানের তৃষ্ণায় হাহাকার করছি? ভেতরটা ফাঁপা বোধ হচ্ছে। প্রশ্ন করতে পারেন, কেন এমন হয়? এর কারণ হলো আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থায় জ্ঞানের সঠিক বিন্যাস বা ‘হায়ারার্কি’ (Hierarchy) ভুলে গেছি। সমাধানের জন্য আমাদের তাকাতে হবে ইসলামের জ্ঞানতাত্ত্বিক বিন্নাসের দিকে। ইসলাম আমাদের শেখাচ্ছে যে, জ্ঞান কোনো এলোমেলো বিষয় নয়; এটি একটি সুশৃঙ্খল সিঁড়ির মতো। যেখানে প্রতিটি ধাপের একটি নির্দিষ্ট মর্যাদা এবং সীমা রয়েছে।
১. আধুনিক বুদ্ধিবৃত্তিক সংকট: এক অন্ধ দৌড় প্রতিযোগিতা
আধুনিক যুগের সবচেয়ে বড় সংকট হলো আমাদের শিক্ষাব্যবস্থা আমাদের যেভাবে তৈরী করছে তাতে আমরা ‘কীভাবে’ (How) এই জিনিসটা তো ভালোভাবেই জানছি, কিন্তু ‘কেন’ (Why) এই প্রশ্নের উত্তর জানছি না। আমরা জানি পৃথিবী কীভাবে সূর্যের চারদিকে ঘোরে, কিভাবে সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে আবর্তন করে! কিন্তু কেন ঘোরে—সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। হয়ত আপনি এখানে ‘কেন’ এর উত্তরে বলবেন মহাকর্ষ বলের কথা, কিন্তু গভীরভাবে ভেবে দেখুন এটিও কিন্তু ‘কিভাবে’ এর উত্তর, আমি বলছি ভেতরের গূঢ় কারনটির কথা। একই ভাবে বলতে পারি, আমরা জানি কোষ কীভাবে বিভাজিত হয়, কিন্তু জীবনের উদ্দেশ্য কী—সেখানে আমরা বোবা। এই শূন্যতার মূল কারণ হলো গত কয়েকশ বছরের পশ্চিমা সেকুলার জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি। তারা জ্ঞানের যে বিন্যাস সেটিকে উলটে দিয়েছে, সত্যের মানদণ্ডকে আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে। তাদের বক্তব্য তারা যা চোখে দেখে না, তাকে তারা অস্তিত্বহীন বলে ধরে নেয়।
২. জ্ঞানের তিনটি প্রধান উৎস: একটি সামগ্রিক পর্যালোচনা
ইসলামি ঐতিহ্যে, জ্ঞান অর্জনের মাধ্যমকে তিনটি প্রধান স্তরে ভাগ করা হয়েছে। ইসলামের জ্ঞানতাত্ত্বিক কাঠামো কেবল তথ্য সংগ্রহকে গুরুত্ব দেয় না, বরং তার কাছে গুরুত্ব পায় চুড়ান্ত সত্য, সত্যে পৌঁছানোর উপায় তার পরম আরাধ্য।
আল-হাওয়াাস আস-সালীমাহ (সুস্থ ইন্দ্রিয়): আমাদের পঞ্চ-ইন্দ্রিয় (দেখা, শোনা, ঘ্রাণ, স্বাদ ও স্পর্শ)।
আল-আকল আস-সারীহ (বিশুদ্ধ বুদ্ধি): আমাদের বিচার-বুদ্ধি ও যুক্তি।
আল-খাবার আস-সাদিক (সত্য সংবাদ বা ওহী): আল্লাহর পক্ষ থেকে আসা অকাট্য বার্তা।
এই তিনটি উৎস যখন যার যার সঠিক জায়গায় অবস্থান করে, তখনই মানুষের চিন্তা জগত ভারসাম্যপূর্ণ হয়। যখনই আমরা একটির ওপর অন্যটির অন্যায় হস্তক্ষেপ ঘটাই, তখনই চিন্তার জগতে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
৩. ওহী: পিরামিডের সর্বোচ্চ চূড়া ও ধ্রুব সত্য
জ্ঞানের এই সুউচ্চ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে ‘ওহী’। কেন ওহী সবার ওপরে? কারণ মানুষের বুদ্ধি এবং ইন্দ্রিয় সহজাতভাবেই সীমাবদ্ধ। মানুষ তার পঞ্চইন্দ্রিয় এবং বিবেক বুদ্ধি দিয়ে তার দৃষ্টির বাইরের বিষয়গুলি সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সেক্ষেত্রে তাকে সঠিক পথে নিয়ে চলে ওহী। আপনি খুব শক্তিশালী লেন্স ব্যবহার করে অনেক দূর দেখতে পারেন, কিন্তু দেয়ালের ওপাশে কী আছে তা দেখা আপনার চোখের ক্ষমতার বাইরে। ঠিক তেমনি, মৃত্যুর পরে কী হবে বা এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে মহান রবের আসল উদ্দেশ্য কী—তা জানার জন্য আমাদের এমন কারো সাহায্য প্রয়োজন যিনি দৃষ্টির অধিগম্য নন, সবকিছুর ঊর্ধ্বে।
ওহী হলো সেই খোদায়ী গাইডবুক। এটি আমাদের ‘গাইব’ বা অদৃশ্যের জগত সম্পর্কে এমন তথ্য দেয়, যা আমরা ল্যাবরেটরিতে কয়েকশ বছর গবেষণা করেও বের করতে পারতাম না। এটিই হলো পরম সত্য বা আল-ইয়াকীন।
কুরআনের অকাট্য প্রমাণ:
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাক্বারার শুরুতেই জ্ঞানের উৎস নির্ধারণ করে দিয়েছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন,
"এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই; এটি মুত্তাকীদের জন্য পথপ্রদর্শক।"
(সূরা বাক্বারা: ২) Tweet
এখানে ‘লা রাইবা ফীহ’ বা ‘যাতে কোনো সন্দেহ নেই’ শব্দবন্ধটি একটি বিশাল দাবি। এটি আমাদের জ্ঞানকে এমন একটি শক্ত নোঙর দেয়, যার ওপর ভিত্তি করে পুরো জীবনের দর্শন দাড় করানো যায়। ওহী যদি না থাকত, তবে মানুষ তার অস্তিত্বের মানে খুঁজতে গিয়ে কেবল অনুমান বা Speculation -এর পেছনে দৌড়াত।তারা কখনোই সঠিক সিদ্ধান্তে পৌছাতে পারত না। আর আল্লাহ বলছেন,
নিশ্চয়ই সত্যের বিপরীতে অনুমান কোনো কাজেই আসে না।
সূরা নাজম: ২৮ Tweet
হাদিসের আলোকবর্তিকা:
রাসুলুল্লাহ (সা.) তাঁর বিদায় হজের ঐতিহাসিক ভাষণে এই পরম উৎসের গুরুত্ব পরিষ্কার করে দিয়ে গেছেন। তিনি বলেছেন:
"আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যা শক্ত করে আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব ও তাঁর রাসুলের সুন্নাহ।"
মুয়াত্তা ইমাম মালিক Tweet
ওহী ছাড়া আমাদের বুদ্ধি হলো মাঝ দরিয়ায় দিকভ্রান্ত নাবিকের মতো। ওহী হলো সেই ধ্রুবতারা, যা দেখে নাবিক বুঝতে পারে তার গন্তব্য কত দূরে এবং পথটি সঠিক কি না।
৪. আকল বা বুদ্ধি: লণ্ঠন যখন সত্যের সন্ধানী
সিঁড়ির দ্বিতীয় ধাপে আছে ‘আকল’ বা বুদ্ধি। আধুনিক বিশ্বে একটি পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হয় যে, ধর্ম আর বুদ্ধি বুঝি একে অপরের প্রতিপক্ষ। ইসলাম এই ধারণাটি পুরোপুরি নাকচ করে দেয়। ইসলামী ঐতিহ্যে বুদ্ধিকে বলা হয় ‘নূর’ বা আলো।
বুদ্ধি হলো একটি প্রদীপের মতো। এটি আপনাকে ঘরের আসবাবপত্র চিনতে এবং অগোছালো জিনিস গুছিয়ে রাখতে সাহায্য করবে। কিন্তু ভুলে গেল চলবে না প্রদীপ নিজে থেকে আলো তৈরি করতে পারে না; তাতে জ্বালানি বা বিদ্যুতের প্রয়োজন হয়। ওহী হলো সেই জ্বালানি। যখন ওহীর আলো বুদ্ধির ওপর পড়ে, তখনই মানুষ সাধারণ বুদ্ধি থেকে ‘হিকমাহ’ বা প্রজ্ঞার স্তরে উন্নীত হয়।
কুরআনের আহ্বান:
আল্লাহ তাআলা মানুষকে বারবার তার বিচারবুদ্ধি ব্যবহারের তাগিদ দিয়েছেন। বারংবার এই মহাবিশ্বের সৃষ্টিকুল নিয়ে গভীরভাবে চিন্তা করার আহ্বান জানিয়েছেন। এটি ইসলামের একটি অনন্য বৈশিষ্ট্য যে, এটি শুধু অন্ধ বিশ্বাস নয়, বরং বুদ্ধিবৃত্তিক ঈমানের দাবি করে। আল্লাহ বলছেন:
"নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টির মাঝে এবং রাত ও দিনের পরিবর্তনের মাঝে 'উলুল আলবাব' (বুদ্ধিমানদের) জন্য মহান নিদর্শন রয়েছে।"
সূরা আল-ইমরান: ১৯০ Tweet
৫. ইন্দ্রিয় ও বিজ্ঞান: বস্তু জগতের সীমানা ও সম্ভাবনা
সিঁড়ির সবচেয়ে নিচের ধাপ বা ভিত্তি হলো আমাদের ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, যাকে আমরা আজকের পরিভাষায় ‘বিজ্ঞান’ বা এম্পিরিসিজম বলি। ইসলাম বিজ্ঞানকে কেবল সম্মানই করে না, বরং একে ইবাদতের একটি অংশ মনে করে। আমরা যখন মহাবিশ্ব নিয়ে গবেষণা করি, টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সি দেখি কিংবা মাইক্রোস্কোপ দিয়ে ডিএনএ পর্যবেক্ষণ করি—আমরা আসলে আল্লাহর কুদরত বা সৃষ্টিশৈলীকেই প্রত্যক্ষ করি।
পবিত্র কুরআনে বলা হয়েছে:
"আমি অচিরেই তাদেরকে আমার নিদর্শনসমূহ দেখাব বিশ্বজগতের দিগন্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে; যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় যে, এটিই সত্য।"
সূরা ফুসসিলাত: ৫৩ Tweet
তবে বিজ্ঞানের কিন্তু একটি মৌলিক সীমাবদ্ধতা আছে। বিজ্ঞান কেবল ‘কীভাবে’ (How) এই প্রশ্নের উত্তর দিতে পারে। এটি আপনাকে বলতে পারে একটি টিস্যু কীভাবে নষ্ট হয়, কিন্তু এটি বলতে পারে না একজন মজলুমের চোখের পানির দাম কত। আবার ইন্দ্রিয়লব্ধ জ্ঞান পরিবর্তনশীল। আজকে বিজ্ঞান যা বলছে, পঞ্চাশ বছর পর তা ভুল প্রমাণিত হতে পারে। আমরা বিজ্ঞানের এই পরিবর্তনকে একটা গালভরা নামও দিয়েছি। একে বলে Paradigm Shift. তাই একে জীবনের ধ্রুব ভিত্তি বানানো বুদ্ধিমানের কাজ নয়। এটি জীবনের সফরের একটি চমৎকার মাধ্যম হতে পারে, সত্যে পৌছানোর অনেকগুলো রাস্তার মধ্যে একটা রাস্তা হতে পারে, কিন্তু এটি চুড়ান্ত গন্তব্য নয়।
৬. পাশ্চাত্যের ভুল এবং ওলটপালট পিরামিড: এক বুদ্ধিবৃত্তিক ট্র্যাজেডি
পাশ্চাত্য দর্শনের আসল বিচ্যুতি শুরু হয়েছিল রেনেসাঁ এবং এনলাইটেনমেন্ট পিরিয়ডের পরে। রনে দেকার্ত, ডেভিড হিউম কিংবা ইমানুয়েল কান্টের মতো দার্শনিকরা মানুষকে এবং মানুষের ক্ষমতাকে ‘মহাবিশ্বের কেন্দ্র’ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করলেন। তারা ওহীকে জ্ঞানের জগত থেকে অপাংক্তেয় করে দিলেন। তাদের ধারণা ছিল, মানুষের বুদ্ধিই বুঝি সবকিছুর চূড়ান্ত মানদণ্ড। সেই থেকে শুরু।
সময়ের বিবর্তনে তারা বুদ্ধির ওপর থেকেও আস্থা হারালেন এবং কেবল ‘যা চোখে দেখা যায়’ বা কেবল পরীক্ষা-নিরীক্ষাযোগ্য বিজ্ঞানকে (Positivism) একমাত্র সত্য হিসেবে গ্রহণ করলেন। তারা জ্ঞানের সেই পবিত্র পিরামিডটাকে পুরো উল্টে দিলেন।
এই ইনভার্সন বা উল্টে দেওয়ার ফলে কী হলো?
নৈতিক দেউলিয়াত্ব: আমরা এখন জানি কীভাবে বিশাল মারণাস্ত্র বানাতে হয়, কিন্তু কেন আমরা একে অপরকে মারব না—সেই নৈতিক কারণটি আমাদের কাছে নেই। কারণ নৈতিকতা ওহী ছাড়া প্রতিষ্ঠা পায় না।
বস্তুবাদী দাসত্ব: মানুষ এখন কেবল শরীরের প্রয়োজন মেটাতে ব্যস্ত, কারণ তারা মনে করে তাদের ইন্দ্রিয়ই সব। আত্মার খোরাক তারা হারিয়ে ফেলেছে।
তথ্যের জঞ্জাল: আমাদের কাছে কোটি কোটি গিগাবাইট ডেটা আছে, কিন্তু আত্মিক শান্তি বা জীবনের সার্থকতা নেই।
যখন আপনি বাড়ির ভিত্তি বা নিচ তলাকে ছাদ মনে করবেন, তখন সেই বাড়িটি ভেঙে পড়া কেবল সময়ের ব্যাপার। আধুনিক পশ্চিমা সমাজ আজ সেই বুদ্ধিবৃত্তিক ভাঙনের ভেতর দিয়েই যাচ্ছে।
৭. উপসংহার: হারানো ভারসাম্য ফিরিয়ে আনার আহ্বান
আমাদের এই দীর্ঘ আলোচনার মূল উদ্দেশ্য কেবল তাত্ত্বিক কচকচানি নয়। বরং আমাদের চিন্তার জগতকে আবার ইসলামি ছাঁচে সাজানো। আমরা যদি ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সত্যিকারের শান্তি ও মুক্তি চাই, তবে জ্ঞানের এই পিরামিডকে আবার তার সঠিক জায়গায় স্থাপন করতে হবে।
আমাদের আধুনিক বিজ্ঞান শিখতে হবে এবং তাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, কারণ এটি আল্লাহর সৃষ্টিজগতকে বোঝার অন্যতম পথ। আমাদের বুদ্ধিকে শাণিত ও যুক্তিবাদী করতে হবে, কারণ এটি সত্য ও মিথ্যার পার্থক্য করতে আমাদের সাহায্য করে। কিন্তু এই সবকিছুর উপরে ছাতা হিসেবে রাখতে হবে ওহীর সেই পরম নূর বা আলোকে।
আমরা যখন আবার ওহীর শাসনে আমাদের বুদ্ধিকে পরিচালনা করব এবং বিজ্ঞানের সুফলগুলোকে মানবতার কল্যাণে ব্যয় করব, তখনই আমরা ‘খিলাফত’-এর আসল দায়িত্ব পালন করতে পারব। তখনই আমাদের জীবন হবে সার্থক এবং আমাদের চিন্তা হবে বিভ্রান্তিমুক্ত।
আপনার প্রাত্যহিক চিন্তাভাবনা কি এই হায়ারার্কি মেনে চলছে? আপনি কি কেবল যা দেখছেন তাতেই বিশ্বাস করছেন, নাকি দেখার আড়ালে যে মহাসত্য আছে তাকেও অনুভব করছেন? এই প্রশ্নটিই আজ আমাদের সবার বিবেকের কাছে।